কুয়াকাটায় ১৬ মামলার আসামি মাদক কারবারি মাসুদ রানা গ্রেপ্তার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৭

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মো. মাসুদ রানা (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার প্রয়াত আবদুল কাদের ফকিরের ছেলে এবং বর্তমানে নীলগঞ্জ আবাসনে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানার বিরুদ্ধে পূর্ব থেকেই ১০টি মাদক মামলা এবং ৬টি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।