নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে পাঁচ মাস পর পুনরায় স্বপদে বহাল করেছে দলটি। এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছিল।
কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতা হাসানুর রহমান বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্তের আলোকে তাকে আবারও স্বপদে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে নাম ও পদবীতে ভুল থাকায় শুক্রবার পুনরায় সংশোধিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা সংশোধন করা হয়। এর আগে, গত মার্চ মাসে সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের এই নেতাকে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

