ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার বিচারও দাবি করেছেন সংগঠনটির নেতারা। ৩১ দিনব্যাপী ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পৌঁছে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অবস্থানকালে তাঁরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘শাকিল হত্যার বিচার চাই’ এবং ‘সারাদেশে সন্ত্রাস, প্রশাসন কাটে ঘাস’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সংগঠনটির সার্চ কমিটির আহ্বায়ক জি এ সাব্বিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে শহীদ মিনারে অবস্থান নিয়ে ইসলামি সংগীত, গজল ও বিপ্লবী গান পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান উপস্থিত নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, ওসমান হাদি নিখোঁজ ও হত্যার প্রায় এক বছর হতে চললেও এখনো বিচার মেলেনি। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তাঁরা।
সংগঠনটির নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুর ২টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়। সেখান থেকে আলেখারচর, শাসনগাছা, পুলিশ লাইন, টাউন হল ও বিশ্বরোড হয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যায় মার্চটি। বিকেল ৪টার পর মিছিলটি কুমিল্লা শহরে অবস্থান নেওয়ার পর সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্মসূচি পালন করা হয়।
ইনকিলাব মঞ্চের উত্থাপিত তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা এবং পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ৩১ দিনের এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী, গত ৭ অক্টোবর পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রা আগামী ৬ নভেম্বর কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে সমাপ্ত হবে। এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় বড় আকারের সমাবেশের ঘোষণাও রয়েছে সংগঠনটির।

