হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে রোগটি প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, চলতি মাসের শেষদিকে পূর্ণাঙ্গভাবে আরেকটি টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মূল টিকাদান কার্যক্রমের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ২৫ লাখ শিশু, তবে শেষ পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। তবুও শতভাগ কভারেজ নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক মা তথ্য না পাওয়া, কর্মব্যস্ততা কিংবা সন্তান স্কুলে থাকার কারণে টিকা কার্যক্রম থেকে বাদ পড়েছেন। নতুন শিশু যুক্ত হওয়ায় ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে কিছু শিশুর মধ্যে এখন হাম দেখা দিচ্ছে।
তিনি আরও বলেন, ২০ মে মূল ক্যাম্পেইন শেষ হওয়ার পর থেকেই মপ-আপ কার্যক্রম চলছে। সিলেটে লক্ষ্যমাত্রার বাইরেও তিন হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। ভৌগোলিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বান্দরবানের মতো এলাকায় তাৎক্ষণিক টিকা পাঠিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে এবং সিলেটের হাওর এলাকাগুলোতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে আগামী দুই দিনের মধ্যে প্রতিটি উপজেলায় মূল ক্যাম্পেইনের আগে বিশেষ কার্যক্রম শুরু করা হবে।
গ্রামাঞ্চলের অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিভিল সার্জনদের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেখানে লেবার রুম নেই, এমন প্রতিষ্ঠান বন্ধ এবং অবৈধ ডাক্তার বা ভুয়া সনদধারী টেকনিশিয়ানদের দ্বারা অপারেশন করা প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হচ্ছে। তিনি এসব কার্যক্রমের জন্য অন্তত ছয় মাস সময় চেয়েছেন।
হাসপাতালগুলোর সেবার মান নিয়ে মন্ত্রী বলেন, গত এক মাসে ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে চিকিৎসকদের আচরণ ও খাবারের মানের উন্নতি হয়েছে। কোনো হাসপাতালে সমস্যা থাকলে আগামী সাত দিনের মধ্যে সমাধান করা হবে এবং ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ শুরু করবে বলে তিনি আশ্বস্ত করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২০ মে মূল ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২১ মে থেকে মপ-আপ কার্যক্রম শুরু করেছি।

