তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেছে শ্রমিক পক্ষ। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাবটি দেওয়া হয়। তবে সভায় মালিকপক্ষ নিজেদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মজুরি প্রস্তাব জমা দেয়নি। তারা এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য বোর্ডের কাছে এক সপ্তাহ সময় চেয়েছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভা শেষে জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে তাদের মজুরির প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলে বোর্ড নিজ উদ্যোগেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সব মালিকের সঙ্গে আলোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হয়নি, তাই বাড়তি সময়ের প্রয়োজন।
সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন। এর আগে সভা শুরুর প্রাক্কালে পোশাকশ্রমিকদের পাঁচটি জোট ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়ে মজুরি বোর্ডে স্মারকলিপি জমা দেয়। শ্রমিকদের এই দাবিতে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পর্যালোচনার প্রস্তাব করা হয়েছে। শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৬ সালের কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল বেতন রাখা জরুরি। তারা যুক্তি দেন, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইম ও সার্ভিস বেনিফিটের পরিমাণ কমে যায়, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের আর্থিক ক্ষতির কারণ হয়।
এদিকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।

