সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।
আদালতের নির্দেশে ফ্রিজ হওয়া ব্যাংক হিসাবগুলোর মালিকদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম, তার স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মোজাম্মিল হোসেন এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেছিলেন।
দুদকের পক্ষ থেকে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা এবং ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। এছাড়া তার স্ত্রী সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শ্যালক রেজাউল আলম শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার নামে থাকা ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা জমা রয়েছে। সব মিলিয়ে এসব হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে দুদক।
অভিযোগে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামক এনজিওর নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সংগৃহীত নথিপত্র অনুযায়ী, এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা চলছে বলে তথ্য পাওয়ার পর রাষ্ট্রের স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।

