কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে মোংলায় তদন্তে পুলিশ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩০

বাগেরহাটের মোংলায় কাতারপ্রবাসী এনামুল ফকিরের অর্থ ও প্রায় ৭ থেকে ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে তার স্ত্রী তানজিলা বেগমসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এনামুল ফকির মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি তার স্ত্রী তানজিলার সঙ্গে খলিল নামের এক ব্যক্তির কথিত সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেছেন। তবে তানজিলা বেগম ও খলিল উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তানজিলা বেগমের সঙ্গে এনামুল ফকিরের বিয়ে হয়। সংসারের প্রয়োজনে তিনি কাতারে পাড়ি জমান। প্রবাসে থাকাকালে তিনি নিয়মিত পরিবারের জন্য টাকা পাঠানোর পাশাপাশি স্ত্রীর ব্যবহারের জন্য স্বর্ণালংকার তৈরি করে দিয়েছিলেন। দেশে ফেরার পর তিনি তানজিলার সঙ্গে খলিলের কথিত সম্পর্কের বিষয়টি জানতে পারেন, যা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

এনামুলের দাবি, বিরোধের এক পর্যায়ে তিনি তার উপার্জিত অর্থ ও ৭-৮ ভরি স্বর্ণ ফেরত চাইলে তাকে আসল স্বর্ণের পরিবর্তে সিটি গোল্ডের অলংকার দেওয়া হয়। অলংকারগুলো স্বর্ণের দোকানে নিয়ে গেলে সেগুলো নকল বলে নিশ্চিত হওয়া যায়। গত ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে টাকা ও স্বর্ণ ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় এনামুল অভিযোগ করেন, তার শ্বশুর ও শ্যালক তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দিয়েছেন। স্থানীয় পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি এবং তাকে ভয়ভীতি দেখানো অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে তানজিলা বেগম জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। খলিল নিজেও তার বিরুদ্ধে আনা সম্পর্কের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এনামুলকে তার অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে। খলিলের সাবেক স্ত্রী জানিয়েছেন, দাম্পত্য জীবনে খলিলের অন্য নারীর সঙ্গে সম্পর্কের কারণে তিনি নির্যাতন সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলেন। স্থানীয় পর্যায়ে তানজিলাকে ঘিরে নানা আলোচনা থাকলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।