সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিস মোড় এলাকায় চায়ের দোকানদারের সঙ্গে বখাটে ও সন্ত্রাসীদের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, চায়ের দোকানদারের সঙ্গে একদল বখাটে ও সন্ত্রাসীর বিরোধের সূত্রপাত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামানোর উদ্দেশ্যে এগিয়ে যান। এ সময় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিকবার আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়ার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

