বিপিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে এই নতুন দায়িত্বে পদায়ন করা হয়।

এর আগে গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে ওএসডি করা হলে পদটি খালি হয়। এরপর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ৭ আগস্ট পদোন্নতি পেয়ে জিয়াউল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

জিয়াউল হকের পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ এই পদে ড. রফিকুল ইসলামকে নিয়োগের মাধ্যমে নতুন চেয়ারম্যান পেল সংস্থাটি।