বিএনপির এমপির পিএস এখন আওয়ামী লীগ নেতা আসলাম হাবিব

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের ব্যক্তিগত সচিব (পিএস) নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও সমালোচনা। জানা গেছে, তিনি পিএস হিসেবে নিয়োগ দিয়েছেন আওয়ামী লীগের পদধারী নেতা আসলাম হাবিবকে। আসলাম হাবিব বর্তমানে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটিতেও তার পদ রয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আসলাম হাবিব দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ ও ২০০৯ সালে চট্টগ্রাম-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আবুল কাশেম মাস্টারের সচিব ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সংসদ সদস্য এসএম আল মামুনের পিএস হিসেবেও কাজ করেছেন। ফ্যাসিবাদী সরকারের সময়কালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের সঙ্গে আসলাম হাবিবের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

একজন আওয়ামী লীগ নেতার বিএনপির সংসদ সদস্যের পিএস হওয়া এবং সংসদ ও সরকারি অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছেন অনেকেই। এছাড়া চন্দনাইশের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত নজরুল ইসলামের সাবেক পিএস সুব্রত বড়ুয়াও বর্তমানে জসিম উদ্দিন আহমেদের পিএস-২ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আলোচনা রয়েছে। জসিম উদ্দিন আহমেদ নিজেও অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের।

এই নিয়োগের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। ত্রাণ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ পকেট থেকে টাকার বান্ডিল বের করে আসলাম হাবিবের হাতে দিচ্ছেন। এই ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া সংসদ সদস্যের একটি ভুয়া ফোন কলের ভিডিও নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আসলাম হাবিবকে পিএস নিয়োগের পেছনে ব্যবসায়িক স্বার্থ জড়িত। তারা দাবি করেন, কক্সবাজারে সাবেক এমপি আল মামুনের মালিকানাধীন পাঁচতারকা হোটেল 'গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটস' এবং রামাদা হোটেলের দেখভাল করেন জসিম উদ্দিন আহমেদ। মামুনের প্রতিনিধি হিসেবেই আসলাম হাবিবকে পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে বিদেশে চিকিৎসা নিচ্ছেন এবং পরে কথা বলবেন। অন্যদিকে আসলাম হাবিব বলেন, তিনি আওয়ামী লীগের এমপির পিএস ছিলেন ঠিকই, তবে এখন বিএনপির এমপির পিএস হিসেবে অফিসিয়াল কাজে সহযোগিতা করছেন। তিনি অতীতে বা বর্তমানে কোনো অবৈধ কাজের সাথে জড়িত নন বলে দাবি করেন।