বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি লড়াইয়ের জন্য দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি মঞ্চে বসে শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র সচিব দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই নির্দিষ্ট বিষয়টি পরিচালনার জন্য কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করা হয়েছে এবং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা জামিন বাতিলের জন্য আইনি লড়াই চালিয়ে যায়।

বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের এই সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেই মুক্তি পেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনজীর আহমেদকে সেখানে দুবাই ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কী কী শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে, তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।'

সরকার এখন কোন আইনি প্রক্রিয়া অবলম্বন করবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জামিন বাতিল হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি এবং আমরা আশা করছি, আমরা বেইল ক্যানসেল করতে পারব এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারব।'