সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শুক্রবার সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হবে।
খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে পড়াশোনা করেন এবং সেখানে চা ব্যবসা করতেন। পরবর্তীতে পরিবারসহ দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। খালেদা জিয়া দিনাজপুরের একটি মিশনারি স্কুল ও পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অসামান্য ভূমিকা রাখেন। তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিলেন এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তার সেই ঘোষণা শুনেই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
রাজনৈতিক জীবনে ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল ও জোট থাকলেও খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট কখনোই এরশাদ সরকারের সঙ্গে সমঝোতায় যায়নি। এই আপসহীন অবস্থানের কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ উপাধি পান।
১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের পর ফখরুদ্দীন-মউনউদ্দিন সরকারের আমলে তিনি কারাবন্দি হন। সবশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়।

