রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় অবস্থিত জনপ্রিয় ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় একদল যুবকের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটা এই ঘটনায় রেস্তোরাঁটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। খাবার খাওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
রেস্তোরাঁটির মালিক সাফিন বেগ জানান, ঘটনার সূত্রপাত হয় একজন ছাত্রকে কেন্দ্র করে। একটি টেবিল খালি হওয়ার পর তিনি সেখানে বসতে চাইলে আগে থেকে সিরিয়ালে থাকা একটি পরিবারের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। রেস্তোরাঁর এক কর্মী পরিস্থিতি শান্ত করতে ওই ছাত্রকে বিকল্প আরেকটি জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে তিনি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর সহপাঠীদের নিয়ে ফিরে এসে হামলা চালান। শুরুতে রেস্তোরাঁর কর্মী খলিলকে মারধর করা হয় এবং পরে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সিরিয়াল নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের ঝগড়া ও মারামারি হয়। পরে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে পুনরায় এসে ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে একদল যুবকের রেস্তোরাঁর ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে দ্রুত ব্যবসা পুনরায় চালু করার পরামর্শ দিয়ে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

