উজানের ঢল এবং অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানির সমতল আবারও বৃদ্ধি পেয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে মাত্র ৫ সেন্টিমিটার কম।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য অনুযায়ী, নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালেও বর্তমানে তা ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের ঢল ও বৃষ্টির ধারাবাহিকতায় পানির স্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবনের ঝুঁকিতে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

