উত্তর গাজায় ড্রোন বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি রিজার্ভ সেনা

গাজার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অভ্যন্তরে ড্রোন বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সেনারা হলেন ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি, যিনি হার হালুতজ এলাকার বাসিন্দা এবং ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোয়ালেম, যিনি জেরুজালেমের বাসিন্দা। তারা আইডিএফের ১৬তম ব্রিগেডের সদস্য ছিলেন।

আইডিএফের ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ তজুরি জানান, ঘটনার পর আহত অবস্থায় ওই দুই সেনাকে আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তজুরির ভাষ্যমতে, নিহত সেনারা একটি ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রথম অভিযানটি সফলভাবে শেষ করার পর তারা দ্বিতীয়বার সেটি পরিচালনার সময় ড্রোনটি উত্তর গাজার সামরিক ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়। এরপর ড্রোনটি পরীক্ষা করতে তারা ঘটনাস্থলের কাছে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে, যাতে তারা গুরুতর আহত হন। এই ঘটনায় অন্য কোনো সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ।

ব্রিগেডিয়ার জেনারেল তজুরি নিহতদের 'চমৎকার সৈনিক' হিসেবে উল্লেখ করেছেন। তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬তম ব্রিগেড উত্তর গাজার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের মানুষ যখন ছুটির প্রস্তুতি নিচ্ছে, তখন দুটি পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

আইডিএফ বর্তমানে তদন্ত করছে যে ড্রোনটি কীভাবে বিস্ফোরিত হলো এবং এর পেছনে হামাসের কোনো ভূমিকা আছে কি না। ড্রোনটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। তবে প্রাথমিকভাবে আইডিএফ ধারণা করছে, হামাসের এই ধরনের কৌশল পরিচালনার সক্ষমতা নেই। ড্রোনটি আত্মঘাতী ছিল নাকি বিস্ফোরক বহন করছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধক্ষেত্রে হামলা ও বিস্ফোরক নিক্ষেপে ব্যবহৃত ড্রোনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।