হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

ব্রাজিলের রুদ্ধশ্বাস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সেনেটর ফ্লাভিও বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করে চতুর্থ মেয়াদের জন্য জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। দেশটির অফিসিয়াল নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ফল নিশ্চিত হওয়া গেছে। রোববার আয়োজিত দ্বিতীয় ধাপের ভোটাভুটিতে লুলা ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো সংগ্রহ করেছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট।

নির্বাচনে জয় সুনিশ্চিত হওয়ার পর আনন্দে মেতে ওঠেন লুলার সমর্থক ও প্রচার দলের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীদের সঙ্গে উদযাপনের একটি ভিডিও চিত্র শেয়ার করেন লুলার নির্বাচনি প্রচার সমন্বয়ক এদিনিও সিলভা। সেখানে তিনি লেখেন, এই নির্বাচন ব্রাজিলের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক জয়।

নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে লুলার বিজয়ের ঘোষণা দিলেও এখন পর্যন্ত পরাজিত প্রার্থী ফ্লাভিও বোলসোনারো বা তার শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি, দেওয়া হয়নি পরাজয় স্বীকারের বার্তাও। ভোটের সময় দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা করেছিলেন ফ্লাভিও বোলসোনারোর প্রচার সমন্বয়ক রজেরিও মারিনহো। সেই মন্তব্যের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব রয়েছেন।

উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হলেও আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয় কখনোই স্বীকার করেননি।