বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম ও সরবরাহ সংকট মোকাবিলায় জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং জ্বালানি পণ্য বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তত্ত্বাবধানে আগামী চার মাস ধাপে ধাপে এই জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।
শুক্রবার জি-৭ নেতাদের ভার্চুয়াল বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। তবে মোট ১০ কোটি ব্যারেলের মধ্যে অপরিশোধিত তেল ও ডিজেলের সুনির্দিষ্ট অনুপাত এখনো প্রকাশ করা হয়নি।
এই উদ্যোগের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন। একই সঙ্গে মার্কিন ডিজেল রপ্তানির ওপর সম্ভাব্য বিধিনিষেধের বিষয়টিও আলোচনায় ছিল, যা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।
জি-৭ নেতারা সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া সরবরাহ স্বাভাবিক রাখতে সদস্য দেশগুলোর শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেখানে সম্ভব শোধনাগারের উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়েও নেতারা একমত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে মার্চ মাসে আইইএ সদস্য দেশগুলো সমন্বিতভাবে জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার বিষয়ে একমত হয়েছিল। জি-৭-এর নতুন এই সিদ্ধান্তটি আগের সেই প্রতিশ্রুতিগুলোকে বিবেচনায় রেখেই বাস্তবায়ন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

