কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি উন্মোচনের গতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এতে করে একদিকে যেমন প্রতিরক্ষামূলক ব্যবস্থার সুযোগ বাড়ছে, তেমনি অন্য সংকেতে হ্যাকারদের হামলা চালানোর প্রস্তুতির সময়ও কমে আসছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতির কারণে অদূর ভবিষ্যতে বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সেবা ও সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন করে বিঘ্ন দেখা দিতে পারে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাতজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতামত অনুযায়ী, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে সফটওয়্যারের দুর্বলতা চিহ্নিত করার প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুততর হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান 'ভালনচেক'-এর এক আসন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে শনাক্ত হওয়া সফটওয়্যার বা ডিজিটাল ত্রুটির সংখ্যা প্রায় দ্বিগুণে গিয়ে পৌঁছেছে।
বৈশ্বিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাথিউ প্রিন্স সতর্ক করে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে প্রায় প্রতি সপ্তাহেই বড় ধরনের সাইবার নিরাপত্তা সংকটের মুখোমুখি হতে হতে পারে। তাঁর মতে, এখনও গুরুত্বপূর্ণ সব সফটওয়্যা রে এমন অনেক মারাত্মক দুর্বলতা রয়ে গেছে, যা জনসমক্ষে প্রকাশ পায়নি।
নিরাপত্তা ঝুঁকির বাস্তব প্রভাব ইতিমধ্যেই ইউরোপসহ বিশ্বের কয়েকটি অঞ্চলের সরকারি ওয়েবসাইটগুলোতে দেখা গেছে। সেখানে পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি ঘিরে পরিষেবা ব্যাহত হয়েছে এবং ঝুঁকি এড়াতে অনেক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি নোড.জেএস (Node.js) এবং প্লেক্স (Plex) সফটওয়্যা রেও নতুন করে নিরাপত্তাজনিত দুর্বলতার খবর পাওয়া গেছে। একই সাথে এআই-ভিত্তিক বিভিন্ন সেবা ও সফটওয়্যার তৈরির প্ল্যাটফর্মে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে।
অতীতে যেকোনো সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা এবং তা ব্যবহারের উপযোগী এক্সপ্লয়েট বা পদ্ধতি তৈরিতে দক্ষ বিশেষজ্ঞদের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগত। ফলে ডিফেন্স বা নিরাপত্তা দলগুলো তা মেরামতের জন্য পর্যাপ্ত সময় পেত। কিন্তু বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে অতি অল্প সময়ে বিশাল পরিমাণের কোড বিশ্লেষণ করে দুর্বলতা বের করা এবং তা কাজে লাগানোর উপায় তৈরি করা সম্ভব হচ্ছে।
অবশ্য সব বিশেষজ্ঞই মনে করেন না যে, বেশি ত্রুটি উন্মোচিত হলেই সফল সাইবার আক্রমণের সংখ্যা বেড়ে যাবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, অনেক ত্রুটি প্রকৃতপক্ষে বাস্তবে কাজে লাগানো বেশ জটিল, আবার কোনো দুর্বলতা প্রকাশ্যে আসার মানেই অপরাধীরা সাথে সাথে তা ব্যবহার করতে সক্ষম হবে—এমনটি নয়।
তবে এই ঝুঁকিকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের ভাষ্যমতে, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাইবার দুর্বলতা দ্রুত শনাক্ত করা, সফটওয়্যার হালনাগাদ রাখা এবং হামলাকারীদের আগেই প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা। ম্যাথিউ প্রিন্স যোগ করেন, এআইয়ের ব্যবহারে সাময়িকভাবে অস্থিরতা বাড়লেও দীর্ঘমেয়াদে তা সফটওয়্যারের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
