দালালদের প্রলোভনে পড়ে ভুয়া কাগজপত্র নিয়ে বিদেশে গিয়ে চরম বিপদে পড়ছেন বাংলাদেশিরা। অনেকে যুদ্ধক্ষেত্রে আটকা পড়ছেন, কেউবা জড়িয়ে পড়ছেন অবৈধ অভিবাসনের জালে। আবার ভিসা জালিয়াতির শিকার হয়ে অর্থ ও নিরাপত্তা হারাচ্ছেন অনেকে। এসব ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভিসা জালিয়াতি, দালালচক্র ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশি মিশনের সেবার মান উন্নয়ন, প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা, রোহিঙ্গা সংকটের সমাধান, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, রাশিয়ায় বাংলাদেশিদের চুক্তিভিত্তিক যুদ্ধে জড়িয়ে পড়া বা সেখানে আটকে পড়ার মতো ঘটনা ঘটছে। সংযুক্ত আরব আমিরাতে বিজনেস ভিসা সহজ হলেও জালিয়াতি ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের অনেকের বৈধ কাগজপত্র ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনার বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী ওমানে চার প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার উদাহরণ দিয়ে ইতালি থেকে লাশ আনতে দীর্ঘ সময় লাগার কারণ খতিয়ে দেখার আহ্বান জানান। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘মাইগ্রেশন উইং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, লাশ দেশে আনার গতি অনেক সময় স্থানীয় আইন ও তদন্ত প্রক্রিয়ার ওপর নির্ভর করে, তবে মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
বৈঠকে কমিটির সদস্য সাঈদ আল নোমান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিষয়টি তুলেন এবং অন্তত ১০টি ভিসা বাতিলের ঘটনা পরীক্ষা করে দেখার প্রস্তাব দেন। এছাড়া মিশনগুলোর অবকাঠামোগত সমস্যা নিয়ে প্রশ্ন তুললে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিশন ভবন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সংকট রয়েছে।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং ভারতে অবস্থানরত ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে জোরালো ভূমিকা রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ৮৬টি মিশনের পাশাপাশি আরও ১৯টি নতুন দূতাবাস চালুর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

