প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৪
মধ্যপ্রাচ্যে চলমান বিপর্যয়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করেছেন ফ্রান্সের বামপন্থী রাজনীতিক জ্যঁ-লুক মেলেনশঁ। তিনি অভিযোগ করেছেন যে, নেতানিয়াহুর গৃহীত কর্মকাণ্ডের কারণেই মধ্যপ্রাচ্যে একের পর এক বিপর্যয়কর ঘটনা ঘটছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলেনশঁ বলেন, ইরানের মিত্র হুতিদের বিজয় এবং সুয়েজ খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা কেবল মধ্যপ্রাচ্যের স্থানীয় শক্তির ভারসাম্যকেই পরিবর্তন করছে না, বরং এর প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত হবে। ফরাসি এই রাজনীতিকের মতে, নেতানিয়াহু তার নিজের দেশ, মিত্ররাষ্ট্র এবং মার্কিন সাম্রাজ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতির এক ধারাবাহিকতা তৈরিতে সফল হয়েছেন।
মেলেনশঁ আরও উল্লেখ করেন যে, এই পরিস্থিতির ফলে সরবরাহব্যবস্থায় যে বড় ধরনের বাধা তৈরি হয়েছে, তার চড়া মূল্য ইউরোপীয় দেশগুলোকে দিতে হবে। বর্তমান এই সংকটের পেছনে ইউরোপের নেতানিয়াহু-ঘেঁষা নীতির প্রতি নিঃশর্ত সমর্থন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের নতিস্বীকারকে দায়ী করেছেন তিনি।
উল্লেখ্য, মেলেনশঁ আগামী বছর অনুষ্ঠিতব্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি নির্বাচিত হন, তবে ফ্রান্সকে ন্যাটো থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতির একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই রাজনীতিক বরাবরই আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন অবস্থানের পক্ষে কথা বলে আসছেন।

