নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল, বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানের শিক্ষা ব্যয়ের মতো অপরিহার্য খরচ হু হু করে বাড়লেও সে তুলনায় আয় বাড়েনি। ফলে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সদস্যরা। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এক বছর আগে যে পরিবার ৩০ হাজার টাকায় মাস পার করত, বর্তমানে সেই অর্থে তাদের চলছে মাত্র ২৭.৭ দিন।
বাজারে সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বুধবারের হালনাগাদ তথ্যমতে, বছরের ব্যবধানে আটা-ময়দার দাম বেড়েছে ১২.৫০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম ৬.৫৩ থেকে ১০.৫১ শতাংশ, আলুর দাম ২২.২২ শতাংশ, চিনির দাম ৪.৬৬ শতাংশ এবং লবণের দাম ১৬.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া হালিপ্রতি ডিমের দাম ২.১১ শতাংশ বেড়েছে। মাংসের বাজারেও অস্থিরতা চরমে; বছরের ব্যবধানে গরুর মাংসের দাম ৭.৮৪ শতাংশ, খাসির মাংস ১৫.৯১ শতাংশ, ব্রয়লার মুরগি ২.৭৮ শতাংশ এবং দেশি মুরগির দাম ১২.৫০ শতাংশ বেড়েছে।
অন্যান্য সেবার ক্ষেত্রেও ব্যয় বেড়েছে আকাশচুম্বী। খুচরা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০০-৭০০ টাকা। ৬০০ ইউনিটের বেশি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪.৬১ টাকা থেকে বেড়ে ১৭.৩৫ টাকা হয়েছে। এছাড়া লিটারে জ্বালানি তেলের দাম বছরে ৩৩ থেকে ৪৩ টাকা পর্যন্ত বেড়েছে।
বিবিএস প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে উঠেছিল। এর অর্থ হলো, ২০২৫ সালের সেপ্টেম্বরে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ হয়েছিল, একই পণ্য কিনতে ২০২৬ সালের সেপ্টেম্বরে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৩৪ পয়সা। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল মাত্র ৭.৯০ শতাংশ। এই আর্থিক দৈন্যের কারণে অনেক পরিবার সঞ্চয় ভেঙে কিংবা ধারদেনা করে দিন পার করছেন। কেউ কেউ ব্যয় কমাতে চাহিদা পণ্য কেনা বাদ দিয়েছেন, যার ফলে পুষ্টিহীনতায় ভুগছে অনেকে। বাধ্য হয়ে কেউ শহর ছেড়ে গ্রামে ফিরছেন, আবার কেউ পরিবার গ্রামে পাঠিয়ে নিজে শহরে থাকছেন।
রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। মাসে পান ৪৫ হাজার টাকা। মা, স্ত্রী ও এক ছেলে নিয়ে তার সংসার। পরিবারের খাবার জোগাড় করতে মাসে ৫০ কেজির এক বস্তা চাল ৩ হাজার ২০০, পাঁচ লিটার তেল ১০০০, বাসাভাড়া ১৪ হাজার, বিদ্যুৎ ও গ্যাস বিল ৩ হাজার, সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ তরকারি ও রান্নার উপকরণ কিনতে ৭ হাজার, সাবান-ডিটারজেন্ট ও শ্যাম্পু ৭০০, মুদি বাজার আরও ২ হাজার এবং মোবাইল টকটাইমে খরচ ও ইন্টারনেট বিল ১২০০ টাকা ব্যয় হয়। পাশাপাশি সন্তানের শিক্ষাব্যয় ৭ হাজার, পরিবারের যাতায়াত ব্যয় ৫ হাজার এবং মাসে গড়ে চিকিৎসা ব্যয় ২ হাজার টাকা ধরে ৪৬ হাজার ২৫ টাকা ব্যয় হয় তার। প্রতি মাসে তার ঘাটতি থাকে ১ হাজার ২৫ টাকা। তিনি জানান, বেতন দিয়ে মাস চালাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।
একই দশা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হামিদুর রহমানের। দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে মালিবাগে থাকেন। ৭১ হাজার ৫০০ টাকা বেতন পেলেও ২ বছর আগের তুলনায় এখন আর সংসার চালাতে পারছেন না। কাওরান বাজারের দিনমজুর জহিরুল জানান, ছয় বছর ধরে তার মজুরি ৬০০-৮০০ টাকার মধ্যে অপরিবর্তিত রয়েছে। মাসে ১৫-১৬ হাজার টাকা আয় করে মেসে থেকে খাবার ও অন্যান্য খরচ ৩ হাজার টাকা রেখে বাকি টাকা গ্রামে পাঠান। বর্তমান বাজারদরে তার ক্রয়ক্ষমতা অনেক কমেছে।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বাড়লেও আয় না বাড়ায় ক্রয়ক্ষমতা কমেছে। যারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তাদের অবস্থা আরও নাজুক। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন জানান, মানুষ অপরিহার্য পণ্য ছাড়া অন্য কিছু কেনা বাদ দিয়েছেন। জীবনসংগ্রামে টিকে থাকার তাগিদে বাধ্য হয়ে শহর ছাড়ছেন অনেকে। এমতাবস্থায় পণ্য ও সেবার দাম কমানোর জন্য সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

