আগস্ট মাসে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও আবারও বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের এই নতুন দর ঘোষণা করে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানিটির দাম বাড়ানো হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক রুটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির আদেশে জানানো হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আগস্ট মাসে জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছিল। তার আগে টানা তিন দফায় এই জ্বালানির দাম কমানো হয়েছিল। সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছিল। এছাড়াও জুনের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা, ২৩ মে ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা এবং ৭ মে ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

