পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্সের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা অটুট রাখতে কারখানা পর্যায়ে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ শীর্ষক প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এই খাত লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে তাল মিলিয়ে চলতে কারখানাগুলোকে এখন থেকেই সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বলেন, অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে। এছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা এবং নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয় সাশ্রয় হবে। এছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগও পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে জিআইজেডের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।