জ্বালানি তেলের দাম বাড়ার আগেই গত দেড় মাস ধরে আটা ও ময়দার বাড়তি দামে নাজেহাল ছিলেন ক্রেতারা। এর ওপর গত সপ্তাহে পণ্য দুটির দাম কেজিতে আরও ১০ টাকা বেড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন চাল, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় প্রতি কেজিতে পয়সার হিসাবে বাড়লেও খুচরা বাজারে এর প্রভাব পড়ছে টাকার অঙ্কে। ভোক্তা অধিকারকর্মীদের মতে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। আয় ও ব্যয়ের সমন্বয় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে বাজারে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।
রাজধানীর নাখালপাড়া, মহাখালী, কলমিলতা কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত আটা ৭০ টাকা এবং ময়দা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও প্যাকেটজাত আটা ও ময়দার দাম ছিল যথাক্রমে ৬০ ও ৭০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে পণ্য দুটির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। খোলা আটা ও ময়দার দাম তুলনামূলক কম হলেও পাঁচ-ছয় দিনের ব্যবধানে কেজিতে প্রায় পাঁচ টাকা করে বেড়েছে। খোলা আটা কেজি ৫০ থেকে ৫৫ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মহাখালী কাঁচাবাজারের কে বি স্টোরের স্বত্বাধিকারী বিকাশ বণিক জানান, কোম্পানিগুলোর নতুন সরবরাহ করা দুই কেজির প্যাকেটজাত আটার গায়ে ১৪০ টাকা এবং ময়দার গায়ে ১৬০ টাকা খুচরা মূল্য লেখা রয়েছে। সামান্য লাভ হওয়ায় তারা গায়ের দামেই পণ্য বিক্রি করছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, এক মাসে প্যাকেটজাত আটার দাম ৪ শতাংশ এবং ময়দার দাম ১৭ শতাংশ বেড়েছে।
আটা-ময়দার উচ্চমূল্যের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে চালের বাজারে। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় মাসখানেক ধরে স্থির থাকা চালের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ার ইঙ্গিত দিয়েছেন। কারওয়ান বাজারের কিচেন মার্কেটের পাইকারি চাল ব্যবসায়ী ইসমাইল অ্যান্ড সন্সের বিক্রয়কর্মী মহিউদ্দিন জানান, দুই দিন আগে ১৫ টন চালের ট্রাক ভাড়া ছিল ১৭ হাজার টাকা, যা এখন ২১ হাজার টাকা দিতে হয়েছে। তার তথ্য অনুযায়ী, প্রতি কেজি চালের জন্য পরিবহন ব্যয় আগের তুলনায় প্রায় ২৭ পয়সা বেড়েছে। পাশের দোকান মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. শাহজাহান বলেন, পরিবহন ব্যয়ের কারণে চালের দাম প্রায় ৫০ পয়সা বাড়ার কথা, তবে বর্তমান বাজার পরিস্থিতিতে তা এক টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, আগের কেনা চাল শেষ হওয়ার পর নতুন চাল বিক্রি শুরু হলে দাম কিছুটা বাড়তে পারে। মহাখালী কাঁচাবাজারের ইয়াসিন ট্রেডার্সের এক বিক্রয়কর্মী জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে চাল আনতে ছোট পিকআপে আগে দেড় হাজার টাকা ভাড়া লাগত, এখন ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। ডিজেলের দাম বাড়ায় চালকলের খরচও বাড়তে পারে বলে তিনি মনে করেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ানো নিয়ে উদ্বেগ জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটির সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রতি কেজি পণ্যের পরিবহন খরচ হয়তো ১৫ থেকে ২৫ পয়সা বাড়তে পারে। কিন্তু এর অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি সুযোগ নিতে পারেন। সরকারের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা মনগড়া দাম বাড়িয়ে ভোক্তার ওপর বাড়তি বোঝা চাপাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। কারওয়ান বাজারে পাইকারি দরে চিড়া, মুড়ি, খই ও গুড় বিক্রেতা মনির হোসেন জানান, বরিশাল থেকে তিন হাজার ২০০ কেজি মুড়ি আনতে আগে ১৬ হাজার টাকা ভাড়া লাগত, গতকাল তিন হাজার টাকা বেশি ভাড়া দিতে হয়েছে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি মুড়ি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি পরিবহন ব্যয়ের কারণে তার প্রতি কেজিতে প্রায় এক টাকা বেশি খরচ হচ্ছে, যা খুচরা বাজারে আরও বাড়তে পারে।
চলতি মাসের শুরুতে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা বেড়েছিল। এরপরও বাজারে সবচেয়ে বেশি চাহিদার পাঁচ লিটারের বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। মহাখালীর কে বি স্টোরের স্বত্বাধিকারী বিকাশ বণিক জানান, ভোজ্যতেল কোম্পানির ডিলাররা আরও দাম বাড়ানোর জন্য সরকারের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন, যে কারণে তারা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। গত দুই মাস ধরে ডিমের বাজারও চড়া। পশ্চিম নাখালপাড়ার মা ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, ট্রাক ভাড়া বাড়ায় পাইকাররা ডিমের দাম কিছুটা বাড়ানোর কথা বলেছেন। গতকাল তিনি প্রতি ডজন বাদামি রঙের ফার্মের ডিম ১৬০ টাকা দরে বিক্রি করেছেন। এছাড়া প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বেড়েছে। আমদানি করা ফলের মধ্যে মালটা ও কমলা ৪২০ থেকে ৪৫০ টাকা, আপেল ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং লাল আঙুর ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেই সব পণ্যের দাম বাড়বে—বিষয়টি এমন নয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের দ্রুত বিশ্লেষণ দেওয়া উচিত কিলোমিটারপ্রতি পরিবহন ভাড়া কত হওয়া উচিত এবং উৎপাদন ব্যয় কতটা বাড়তে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, পরিবহন ভাড়া কেজিতে ২৫ পয়সা বাড়লে সেই অজুহাতে পণ্যের দাম দ্বিগুণ বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেওয়া হবে না। প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে এবং নজরদারি আরও কঠোর করা হবে।

