শিক্ষায় দুর্নীতি এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) তাদের আন্দোলন জোরদার করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের পরোক্ষ সমর্থন নিয়ে দলটি সোমবার সংসদ অভিযানের ডাক দেয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার দিনে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সংসদ ভবনে উপস্থিত ছিলেন।
সিজেপি’র আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ-তরুণী এই অভিযানে অংশ নেন। পুলিশের দাবি অনুযায়ী, এই কর্মসূচির জন্য কোনো অনুমতি নেয়া হয়নি। প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা সত্ত্বেও বিক্ষোভকারীদের দমানো যায়নি। মিছিল আটকাতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার এবং ব্যারিকেড তৈরি করলেও বিক্ষোভকারীরা তা কাটিয়ে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে যান। নিরাপত্তার কারণে এসময় সংসদের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। বৃষ্টির মধ্যে বর্ষাতি পরেই মিছিলে শামিল হওয়া প্রায় ২০ হাজার বিক্ষোভকারীর হাতে জাতীয় পতাকা ও ভারতের সংবিধান দেখা গেছে।
সিজেপি নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দমনমূলক আচরণ করেছে। এদিকে, রাজপথে যখন বিক্ষোভ চলছে, তখন সংসদের দুই কক্ষেও নিট প্রশ্নফাঁস ও অনুদান চুরির প্রতিবাদে সরব হন বিরোধী দলের সাংসদরা। সরকারবিরোধী স্লোগান ও ব্যাপক হই-হল্লার কারণে স্পিকার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি অনির্দিষ্টকালের জন্য অনশনরত ছিলেন এবং শনিবার তাকে হাসপাতালে নেয়া হয়েছিল, তিনিও এই সংসদ অভিযানে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
পরিস্থিতির এক পর্যায়ে সরকার সিজেপি’র সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়। সোমবার সংসদ অভিযান চলাকালীনই সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সিজেপি’র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে দেখা করে তাদের দাবিপত্র জমা দেন। মন্ত্রী বিষয়টি অভ্যন্তরীণ মহলে আলোচনার আশ্বাস দিয়েছেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

