মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের প্রায় ৫০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে এবং এতে আনুমানিক দেড় লাখ থেকে দুই লাখ টাকা ব্যয় হতে পারে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সোমবার দুর্ঘটনার সময় বাসটি সেতুর পূর্ব ও পশ্চিম পাশের রেলিংয়ে আঘাত করে। এতে পশ্চিম পাশে তেমন কোনো ক্ষতি না হলেও পূর্ব পাশের রেলিংয়ের ব্যারিয়ারের ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেতুর সড়কে কিছু দাগ পড়লেও তা গুরুতর নয়। তবে বড় ধরনের বিপর্যয় থেকে বাসের যাত্রী ও সেতুর অবকাঠামো রক্ষা পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার বেলা সোয়া একটার দিকে। নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের ওই বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মাওয়া প্রান্তের ঢাল দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢালের দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি অতিরিক্ত গতিতে অন্য একটি গাড়িকে অতিক্রম করার চেষ্টা করছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডানে-বামে দুলতে দুলতে একপর্যায়ে ঢালের ওপর লম্বালম্বিভাবে পিছলে যায় এবং রেলিং ভেঙে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাসের ভেতর থেকে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল প্রায় ৮ থেকে ১০ মিনিট বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস, সেতু কর্তৃপক্ষের টহল গাড়ি ও রেকারের সহায়তায় বেলা আড়াইটার দিকে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পদ্মা উত্তর থানায় রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি জানান, সেতুর ওপর যানবাহনের গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা থাকলেও অনেক চালক তা মানছেন না। দুর্ঘটনার সময় ওই এলাকায় যানবাহনগুলোর গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত ছিল। উল্লেখ্য, পুরো সেতুতে প্রতি ৪০০ মিটার পরপর ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা দিয়ে নজরদারি করা হয় এবং প্রতিটি দলে তিনজন সদস্যসহ দুটি টহল দল সেতুর নিরাপত্তায় নিয়োজিত থাকে।

