সাংবাদিকরা কখনো পয়সা বা হুমকির কাছে মাথা নত করেননি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একসময় সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপসহীন ছিলেন। তিনি বলেন, সেই সময়ের সাংবাদিকরা পয়সা, হুমকি কিংবা কোনো ধরনের ক্ষমতার কাছে মাথা নত করেননি।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষাসৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

রিজভী আরও বলেন, সাংবাদিক আবদুস সালাম স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য প্রতীক ছিলেন। তাঁর ভাষায়, তৎকালীন সাংবাদিকরা সত্যিকার অর্থেই স্বায়ত্তশাসিত ছিলেন এবং স্বাধীনভাবে সত্য তুলে ধরতেন। তারা পয়সা, হুমকি কিংবা ক্ষমতার কাছে নিজেদের মাথা বিক্রি করেননি।

নোয়াম চমস্কির বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমন করতে ডান্ডা-লাঠি ব্যবহৃত হয়। আর গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচারী মানসিকতার শাসকেরা গণমাধ্যমকে সেই লাঠির মতো ব্যবহার করে থাকেন। ভারতের গণমাধ্যম পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সেখানে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে এবং অনেক গণমাধ্যম শাসকের অনুগত হয়ে পড়েছে। এছাড়া উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও গণমাধ্যমকে প্রভাবিত ও নিয়ন্ত্রণের প্রবণতা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, আবদুস সালামের মতো স্বাধীনচেতা ও সত্যনিষ্ঠ মানুষ শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই প্রয়োজন। তাদের মতো মানুষ সামনে এলে সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হবে। এদিকে, আলোচনা সভায় সাংবাদিক আবদুস সালামের নামে ঢাকার তোপখানা রোডের নামকরণের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।