২০২৬ সালের ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে বড় ধরনের আবাসন সংকটের মুখে পড়েছেন আয়োজক দেশ জাপান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তার সংখ্যা প্রাথমিক হিসাবের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুরুর দিকে আয়োজকরা ১৫ হাজার জনের জন্য বাজেট ও আবাসন পরিকল্পনা সাজালেও বর্তমানে সেই সংখ্যা প্রায় ১৭ হাজারে পৌঁছেছে। বিশেষ করে মার্চ মাসে টেকবল ও প্যাডেলের মতো নতুন খেলা অন্তর্ভুক্ত করার ফলে এই বাড়তি চাপ তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে জাপানি আয়োজকরা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) কাছে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছেন। আয়োজক কমিটির সভাপতি ও আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা জানিয়েছেন, বাড়তি অ্যাথলেটদের জন্য প্রয়োজনীয় জনবল বা বাজেট তাদের হাতে নেই। ওমুরা স্পষ্টভাবে জানিয়েছেন, আয়োজক শহরের চুক্তিতে ১৫ হাজার জনের অংশগ্রহণের কথা ছিল এবং এর বাইরে বাড়তি লোকের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তিনি মন্তব্য করেন, যারা নতুন করে আসতে চাইছেন, তাদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
বিকল্প ব্যবস্থা হিসেবে প্রথাগত অ্যাথলেটস ভিলেজের বাইরে জাহাজে চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কন্টেইনার আকারের অস্থায়ী আবাসন, বিভিন্ন হোটেল এবং টোকিও’র কিছু আবাসন সুবিধা ব্যবহার করা হবে। এদিকে আবাসন সংকটের পাশাপাশি ক্রিকেটের অস্থায়ী ভেন্যু নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। নাগয়ার কোরোগো স্পোর্টস পার্ককে ক্রিকেটের জন্য প্রস্তুত করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি জানিয়েছে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্যান্য সদস্যরাও ভেন্যুটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগয়া শহর ও এর আশপাশের অঞ্চলে এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

