ম্যাকাই টেস্টে জিতলে ১৩৯ বছরের ইতিহাস গড়বে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটে একের পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটে চলেছে। দুই বছর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জেতা বা তাদের ধবলধোলাই করার কথা ভাবাও যেখানে কঠিন ছিল, ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে সেটিই বাস্তবে রূপ নেয়। সেবার পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে ফেরে বাংলাদেশ দল। এবার অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি অভাবনীয় কীর্তি গড়ার খুব কাছে দাঁড়িয়ে আছে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টের পর এবার লক্ষ্য দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাই।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় পায়, তবে বিশ্ব ক্রিকেটে এমন এক ঘটনা ঘটবে যা গত ১৩৯ বছরে কেউ দেখেনি। ১৮৮৭ সালের পর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে ধবলধোলাই হয়নি অস্ট্রেলিয়া। সে বছর দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। সিডনিতে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম টেস্টে ১৩ রান এবং দ্বিতীয় টেস্টে ৭১ রানে জিতেছিল ইংলিশরা। এরপর দীর্ঘ ১৩৯ বছর ধরে ঘরের মাঠে কোনো দলই অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের স্বাদ দিতে পারেনি।

১৮৮৭ সালের সেই ঐতিহাসিক ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া মোট ১১০টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে গত ১০ বছরে খেলেছে ১৩টি সিরিজ। এই দীর্ঘ সময়ে ঘরের মাঠে মাত্র দুটি সিরিজ হেরেছে অজিরা, দুটিই ভারতের বিপক্ষে—প্রথমবার ২০১৮ সালে এবং সর্বশেষ ২০২০ সালে। এছাড়া ২০২৪ সালে ব্রিসবেনে শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ের কল্যাণে দুই ম্যাচের সিরিজটি ড্র করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই কয়েকটি ব্যতিক্রম ছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দুর্গ ভাঙা অন্য দলগুলোর জন্য অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস লেখার বড় সুযোগ। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই টেস্টে নাও জিততে পারে, তবুও তাদের অর্জনের গৌরব এতটুকু কমবে না। কারণ, এই ম্যাচ ড্র হলেও সিরিজ হারছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির দেশ থেকে সিরিজ না হেরে দেশে ফেরাটাও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কম গৌরবের নয়।