জামায়াতের উত্থান দেশের স্বাধীনতার জন্য হুমকি: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। তিনি তরুণদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াতের রাজনীতি ও তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর বলেন, দেশের স্বার্থে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। তিনি অভিযোগ করেন যে, জামায়াত বাইরে সরকারবিরোধী বক্তব্য দিলেও ভেতরে ইতিবাচক আলোচনা করছে এবং উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে মানুষকে উত্তেজিত করে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই এবং বর্তমান সরকারের উচিত দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমন করা।

অনুষ্ঠানে নুর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি ঐতিহাসিক সুযোগ এলেও অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে। পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাত ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে জনমত প্রভাবিত করা হয়েছে, যার মাধ্যমে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যে জামায়াত দেশের সবচেয়ে বড় শক্তি। এছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি তৈরির আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো প্রক্সি রাজনৈতিক শক্তি তৈরি হলে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হবে।