দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ১৭ হাজার ৬৪৮ জন শিশুর মধ্যে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ১৩৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬ হাজার ৫২১ জন শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এদের মধ্যে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৪৯ জন।

