‘ছাত্ররা নিজেরা নিজেরাই করছে’, ট্রাইব্যুনালে হাসিনা-হাছানের ফোনালাপ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের মধ্যকার একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানির সময় এই অডিও রেকর্ডটি জমা দেয় প্রসিকিউশন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাঁস হওয়া এই ফোনালাপে আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায় আন্দোলনকারীদের ওপর চাপানো এবং এর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "আর গুলি করে তো ছাত্র মারা হয়নি। ছাত্ররা নিজেরা নিজেরাই তো করছে।" তিনি মূলত আন্দোলনকারীদের ওপরেই হত্যার দায় চাপানোর বিষয়ে নির্দেশনা দেন। জবাবে হাছান মাহমুদ বলেন, "আস্তে আস্তে ওই লাইনেই যেতে হবে।"

কথোপকথনের একপর্যায়ে নিজের বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, তিনি কেন খুনি হবেন? একই সঙ্গে আন্দোলনকারীদের দায়ী করে বক্তব্য প্রচারের জন্য হাছান মাহমুদকে নির্দেশ দেন। জবাবে তৎকালীন তথ্যমন্ত্রী জানান, পরদিন থেকেই এই ধরনের বক্তব্য প্রচারের কাজ শুরু করবেন তিনি।

কোটা আন্দোলন ও আদালতের রায়ের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনটি আদালত বাতিল করেছিল এবং সরকারই এর বিরুদ্ধে আপিল করেছিল। পরবর্তীতে আদালতের রায়ের বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, তাহলে তাদের কেন খুনি বলা হবে? তিনি আরও দাবি করেন, "খুনি তারা, এই আন্দোলনে নেমে। আর তাদের ওপর ভর করে জামায়াত-বিএনপি সমস্ত খুন করছে।" শেখ হাসিনার এই বক্তব্যের সাথে সুর মিলিয়ে হাছান মাহমুদও বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি মানুষ হত্যার সুযোগ পেয়েছে। এছাড়া আন্দোলনের সুযোগে বিভিন্ন রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও ফোনালাপে অভিযোগ করেন শেখ হাসিনা।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে বলে অভিযোগ তোলেন। সম্প্রতি আন্দোলন নিয়ে শেখ হাসিনা ও হাছান মাহমুদের একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এসেছে।