বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ ব্যবধানের পরাজয় এবং কোচ থমাস টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর সমালোচনা। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোয়ার্টার ফাইনালে দারুণ পারফর্ম করা হ্যারি কেইনকে দ্বিতীয়ার্থে রক্ষণভাগে নামানোর টুখেলের সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
একটি অনুষ্ঠানে হাস্যরসাত্মক সুরে ট্রাম্প বলেন, ইংল্যান্ডের হ্যারি কেইন দুর্দান্ত খেলছেন এবং তার সঙ্গে তিনি গলফও খেলেছেন। ট্রাম্পের মতে, হ্যারি কেইনকে রক্ষণাত্মক খেলোয়াড় বানিয়ে বড় ভুল করেছেন টুখেল। হোয়াইট হাউসের এই প্রধান বলেন, তারা লিড নেওয়ার পর সেরা খেলোয়াড়টিকে ডিফেন্সে পাঠিয়ে দেয়, যা মোটেও ঠিক হয়নি। তিনি আরও যোগ করেন, সকার সম্পর্কে খুব বেশি না জানলেও, তাদের আক্রমণাত্মক হওয়া প্রয়োজন ছিল।
ইংলিশ কোচ টুখেল অবশ্য সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্যকে বেশ হালকাভাবেই নিয়েছেন। তবে ট্রাম্পের এই ফুটবল-জ্ঞানের চেয়েও বড় বিতর্ক তৈরি হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার গভীর সখ্য এবং মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড মওকুফ প্রসঙ্গে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড পাওয়া বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা অবিশ্বাস্যভাবে ১২ মাসের জন্য স্থগিত করেছিল ফিফা।
ট্রাম্প টাওয়ারে ইনফান্তিনোর উপস্থিতিতে ট্রাম্প অকপটে সেই লবিংয়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, জিয়ান্নিকে ফোন করতে বাধ্য হয়েছিলেন এবং বলেছিলেন ছেলেটাকে খেলায় ফিরিয়ে নেওয়ার জন্য। ট্রাম্পের দাবি, বিষয়টি যেভাবে সমাধান হয়েছে তা দারুণ। ফিফা প্রধানের সঙ্গে ট্রাম্পের এই পিঠ-চাপড়ানি ক্রীড়াঙ্গনে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে।
মাঠের বাইরে ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং অতিনির্ভর বাণিজ্যিকীকরণের কারণে ইনফান্তিনো কঠোর সমালোচনার মুখে থাকলেও ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকান স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে এবং আমেরিকায় পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করা হয়েছে। সমালোচকদের মতে, টুর্নামেন্ট থেকে রেকর্ড ৯ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের পূর্বাভাসের কারণেই ইনফান্তিনো এত নিশ্চিন্ত। ফুটবলপ্রেমীদের কাছে এই বিশ্বকাপ মাঠের লড়াই ছাপিয়ে ফুটবল কূটনীতি ও কর্পোরেট ক্ষমতার এক নজিরবিহীন প্রদর্শনী হিসেবেই ইতিহাসে জায়গা করে নিচ্ছে।

