যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল করলো মার্কিন প্রশাসন

দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এটি দুই দেশের মধ্যকার সম্পর্কের চলমান উত্তেজনার সর্বশেষ ঘটনা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে না। ওই কর্মকর্তা আরও বলেন, এটি কেবল একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিল মাত্র, যা কাউকে দেশ থেকে বহিষ্কার করার সমতুল্য নয়।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত প্রার্থীর অনুমোদন আটকে দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানান, ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজকে অনুমোদন দেওয়া হলে রাষ্ট্রদূত ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে। ততদিন পর্যন্ত তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মিত্র ড্যানি পেরেজকে গত জুন মাসে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হলেও মার্কিন সিনেট থেকে তিনি এখনো পূর্ণাঙ্গ অনুমোদন পাননি। তবে ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ট্রাম্প আনুষ্ঠানিক যোগাযোগের আগেই জনসমক্ষে পেরেজের মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন, যা কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অনুমোদন ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।