ফুটবল বিশ্বকাপের মঞ্চে সাধারণত মাঠের খেলোয়াড়রাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার সেই প্রচলিত ধারণা বদলে দিয়েছেন মাত্র তিন বছর বয়সী এক শিশু। স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের ছোট ভাই কেইন মাঠে না নেমেও নিজের প্রাণবন্ত উপস্থিতি, দুষ্টুমি আর হাসিখুশি অঙ্গভঙ্গিতে বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
স্পেনের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় ছোট্ট কেইনকে। ক্যামেরার সামনে তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, নাচ ও উচ্ছ্বাস মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে। অনেকে তাকে ‘বিশ্বকাপের ক্ষুদে তারকা’ কিংবা ‘স্পেনের গ্যালারি সুপারস্টার’ হিসেবে আখ্যায়িত করছেন। কোনো গোল বা ট্রফির চেয়েও এবারের বিশ্বকাপে গ্যালারির এই খুদে দর্শক বড় চমক হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর খেলোয়াড়রা যখন উদযাপনে ব্যস্ত, তখন ক্যামেরায় ধরা পড়ে গ্যালারিতে কেইনের আনন্দ-উচ্ছ্বাস। সেই দৃশ্য দেখে বড় ভাই লামিন ইয়ামালও হাসিতে মেতে ওঠেন। এর আগেও কেইন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা উদযাপনে ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছিল সে। একই বছর প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানেও কালো স্যুট ও স্নিকার্স পরে রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিল এই খুদে সদস্য।
পারিবারিকভাবে লামিন ইয়ামাল ও কেইনের মা একই হলেও তাদের বাবা আলাদা। ইয়ামালের বাবা-মায়ের বিচ্ছেদের পর কেইনের জন্ম। বয়সের প্রায় ১৫ বছরের ব্যবধান থাকলেও দুই ভাইয়ের সম্পর্কের গভীরতা অত্যন্ত চমৎকার। ইয়ামাল ছোট ভাইকে নিয়ে খুবই আবেগপ্রবণ। তিনি বলেন, আমার ছোট ভাই আমার কাছে সবকিছু। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এবং মনে করি সে আমার নিজের সন্তান। অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ের পর গ্যালারিতে দুই হাত তুলে কেইনের ‘ভামোস!’ বলে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্যটিও দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইন এখনো শৈশবের আনন্দে মেতে থাকলেও বিশ্বজুড়ে ইতোমধ্যে পরিচিত মুখে পরিণত হয়েছে। অন্যদিকে, বার্সেলোনা তারকা ইয়ামাল বিশ্ব ফুটবলের নতুন সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। একসময় কঠিন আর্থিক বাস্তবতায় বেড়ে ওঠা ইয়ামাল জানিয়েছেন, মায়ের মুখে হাসি দেখা এবং ছোট ভাইকে সুন্দর শৈশব উপভোগ করতে দেখাই তার জীবনের বড় আনন্দ। বর্তমানে একজন মাঠে পায়ের জাদুতে মুগ্ধ করছেন, আর অন্যজন গ্যালারিতে নিজের নিষ্পাপ হাসি ও প্রাণচাঞ্চল্যে কোটি মানুষের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন।

