দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন কাজী সালাহউদ্দিন। শনিবার ভুটানে আয়োজিত সাফের কনগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের এজেন্ডা ছিল। সেখানে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতি আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা শূন্যপদের চেয়ে বেশি না হলে সংশ্লিষ্টরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন। ২০০৯ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে আসা কাজী সালাহউদ্দিন এ নিয়ে পঞ্চমবারের মতো সাফের শীর্ষ নেতৃত্বে আসীন হলেন।
এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কারো নির্বাহী কমিটির পদে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোতে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই বয়সের সীমা তুলে দেওয়া হয়। সর্বসম্মতিক্রমে গৃহীত এই নিয়মের ফলে কাজী সালাহউদ্দিনের নির্বাচনে কোনো বাধা ছিল না।
নতুন এই কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে সহ-সভাপতি পদে এবং মালদ্বীপের হুসাইন শাফিউ কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

