দেশে ফ্যাসিবাদী শক্তির আর ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কোনো দিনই বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে ভিন্নমত থাকতেই পারে এবং তা নিয়ে তর্ক-বিতর্ক হওয়া স্বাভাবিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলের মাধ্যমে যারা অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দিচ্ছে, তাদের কোনো প্রচেষ্টা সফল হবে না; কারণ এ দেশে সবাই ঐক্যবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে পারবে না।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।