সাইবার হামলার কবলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে হ্যাকাররা সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের সীমিত কিছু অংশে অননুমোদিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা।

ফিফার একজন মুখপাত্র রয়টার্সকে জানান, এই ধরনের বেআইনি তথ্য সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে সংস্থাটি গোপনীয়তার একটি গুরুতর এবং অগ্রহণযোগ্য লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে ফিফা কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

ঘটনাটি সম্পর্কে সরাসরি অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন যে, হ্যাকাররা ফিফার বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের কোনো ফাইলে প্রবেশ করতে পারেনি।

তবে এই সাইবার হামলায় ঠিক কতজন ব্যক্তি বা কতগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা হামলার সুনির্দিষ্ট সময় বা ব্যবসায়িক তথ্যগুলোর প্রকৃতি সম্পর্কে ফিফা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এমনকি তথ্য প্রকাশের কথা উল্লেখ থাকলেও অনলাইনে কোনো তথ্য ফাঁস হয়েছে কি না বা কোথায় হয়েছে, সে বিষয়েও সংস্থাটি নীরব রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন যে, বৈশ্বিক সমালোচনা ও বিরোধিতার মুখে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা থেকে তারা সরে এসেছে। ওই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার অন্যান্য ইভেন্ট পরিচালনাকারী একটি নতুন ইউনিটের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।