পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর

দেশের পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়টি শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনার পরও মালিক ও শ্রমিকপ্রতিনিধিরা সর্বসম্মত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় গোপন ভোটের পথ বেছে নেওয়া হয়। এতে পোশাক খাতের সর্বনিম্ন বা গ্রেড-৪ শ্রমিকের জন্য মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা করার প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের একাধিক সদস্য। সভায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুসরণ করে গোপন ভোটের ব্যবস্থা করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভার নথি অনুযায়ী, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকার প্রস্তাবটি গৃহীত হয়।

ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এর জন্য ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ২১ হাজার ৫০০ টাকা মাসিক নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের চূড়ান্ত ভোটাভুটির আগে দুই পক্ষের নির্ধারিত প্রস্তাবে দুই হাজার টাকার ব্যবধান থেকে যায়। শ্রমিকপক্ষ তাদের সর্বশেষ প্রস্তাবে সর্বনিম্ন ১৮ হাজার টাকা দাবি করেছিল, অন্যদিকে মালিকপক্ষ ১৬ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। ব্যবধান কম না থাকায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর হস্তক্ষেপে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম অংশ নেন।

এর আগে সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভা থেকেই মজুরি নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দরকষাকষি চলছিল। ওই দিন প্রথম সংশোধিত প্রস্তাবে মালিকপক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব করলে শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা এবং শ্রমিকপক্ষ দাবি কমিয়ে ২২ হাজার টাকায় আনে। শেষ পর্যায়ে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করলেও সমঝোতা না হওয়ায় সোমবার রাত সাড়ে আটটায় সভা মুলতবি হয়।

মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, তিনি দুই পক্ষের সঙ্গে আলাদা ও যৌথভাবে একাধিক আলোচনা করেছেন। সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা দাবি করেছিল। বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা দেওয়ার পক্ষে ছিল।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের বাইরে পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করে। রাজধানী সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করেন।

একই দিনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক পয়েন্টে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। গাজীপুরা এলাকায় মহাসড়কে অবস্থিত একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, শ্রমিকেরা পুলিশ বক্সের আসবাবপত্র সড়কে এনে আগুন ধরিয়ে দিলে পরে পুলিশ ধাওয়া দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক সচল করে। বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

অসন্তোষের মুখে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ, আর ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া গাজীপুর সদরের মেম্বারবাড়ি, মৌচাক ও তেলিরচালা এলাকাতেও সড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, সাভার-আশুলিয়ার কিছু কারখানায় বহিরাগত বিশৃঙ্খলার চেষ্টা ও ফটকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।