মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তারা বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকতে হবে, যাতে এটি পরিচালনাকারী প্রতিষ্ঠান পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়। তিনি আরও বলেন, সমুদ্র বন্দর একটি জাতির অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও তা জাতীয় ও ভূরাজনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করেই এই বন্দর ব্যবহার করতে দিতে হবে এবং স্থানীয় জনগণের স্বার্থ ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, আমাদের দেশের ভিতর দিয়ে যে দেশের কার্গো যাবে, তা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নত ও আন্তঃসংযোগ নিরবিচ্ছিন্ন না হলে শুধু গভীর সমুদ্রবন্দর তৈরি করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না।
সাবেক সিনিয়র সচিব মো. সফিউল্লাহ বলেন, আমাদের নীতি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা মাতারবাড়ী বন্দরের পরিচালনা ও নিরাপত্তার পাশাপাশি সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন, প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা এবং সংসদীয় নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেন। এছাড়া ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ন্যায্য মাশুল ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ রক্ষার ওপর তারা জোর দেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয়, বন্দরভিত্তিক শিল্পায়ন এবং উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমর্পণ করা যাবে না। গোলটেবিল আলোচনাটি সিআইপিজির চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান।

