অফিস কেবল কাজের স্থান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, অনেকটা দ্বিতীয় বাড়ির মতো। কর্মক্ষেত্রের পরিবেশ সুন্দর ও ইতিবাচক রাখতে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় আমাদের অজান্তেই কিছু আচরণ অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। নেতিবাচক মনোভাব, দায়িত্বহীনতা কিংবা অন্যের প্রতি অসম্মান প্রদর্শন—এমন অভ্যাসগুলো কেবল পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটায় না, বরং নিজের ক্যারিয়ারের উন্নতিকেও বাধাগ্রস্ত করে। একজন ভালো সহকর্মী হয়ে ওঠার পথে কোন ১০টি অভ্যাস এড়িয়ে চলা জরুরি, তা নিচে আলোচনা করা হলো।
১. সবকিছুতেই নেতিবাচকতা খুঁজে বেড়ানো: অন্যের ভালো কাজের প্রশংসা না করে ভুল খুঁজে বের করা কিংবা অফিসের প্রতিটি বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করা কর্মপরিবেশকে বিষিয়ে তুলতে পারে। এতে সহকর্মীদের উৎসাহ কমে যায় এবং আপনার সঙ্গে কাজ করাও হয়ে ওঠে অস্বস্তিকর। তাই সবকিছুর খুঁত না ধরে ইতিবাচক দিকগুলো দেখার অভ্যাস গড়ে তুলুন।
২. অন্যের কৃতিত্ব নিজের বলে দাবি করা: একটি কাজের সাফল্যের পেছনে অনেকেরই অবদান থাকে। অথচ সেই সাফল্যের পুরো কৃতিত্ব নিজের বলে দাবি করা কিংবা অন্যের পরিশ্রমকে আড়াল করা সহকর্মীদের আস্থায় আঘাত হানে। মনে রাখবেন, প্রকৃত পেশাদারত্ব শুধু নিজের অর্জনে নয়, বরং অন্যের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার মধ্যেও প্রকাশ পায়।
৩. অফিসে গসিপ ও পরচর্চায় মেতে থাকা: সহকর্মীদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা, পেছনে নেতিবাচক মন্তব্য কিংবা যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া কর্মক্ষেত্রে ভুল-বোঝাবুঝি তৈরি করতে পারে। এতে নষ্ট হয় পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য। তাই কারও অনুপস্থিতিতে তাঁর সম্পর্কে অসম্মানজনক আলোচনা না করে দায়িত্বশীল ও সংযত আচরণ করুন।
৪. কাজের সময় অপ্রয়োজনীয় ফোন ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা: অফিসের নির্ধারিত সময়ে দীর্ঘক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো কিংবা ব্যক্তিগত কাজে ডুবে থাকা আপনার দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটাতে পারে। এতে নিজের কাজ জমে যাওয়ার পাশাপাশি সহকর্মীদের ওপরও বাড়তি চাপ পড়ে। ব্যক্তিগত সময় ও কর্মঘণ্টার মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং দায়িত্বশীল হোন।
৫. নতুন ধারণা ও পরিবর্তনের বিরোধিতা করা: কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ, প্রযুক্তি কিংবা কাজের পদ্ধতিতে পরিবর্তন আসতেই পারে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বিরোধিতা করা দলের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। পরিবর্তনকে অন্ধভাবে সমর্থন করার প্রয়োজন নেই; বরং যুক্তি দিয়ে মূল্যায়ন করুন, গঠনমূলক মতামত দিন এবং ভালো উদ্যোগ গ্রহণে সহায়তা করুন।
৬. অহংকার ও তাচ্ছিল্যপূর্ণ আচরণ করা: নিজেকে সবসময় অন্যদের চেয়ে বেশি যোগ্য মনে করা, সহকর্মীদের মতামতকে গুরুত্ব না দেওয়া কিংবা তাঁদের ছোট করে কথা বলা কখনোই পেশাদারত্বের পরিচয় নয়। দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, তবে বিনয়, পারস্পরিক শ্রদ্ধা এবং অন্যের কাছ থেকে শেখার মানসিকতাও সমান জরুরি। মনে রাখবেন, সম্মান আদায় করতে হলে আগে সম্মান দিতে শিখতে হবে।
৭. নিজের কাজের দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেওয়া বা ভুলের দায় এড়িয়ে যাওয়া দলের কাজের ভারসাম্য নষ্ট করে। ৮. সহকর্মীদের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া বা অহেতুক অসুস্থ প্রতিযোগিতা করা অনুচিত; বরং অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়া প্রয়োজন। নবম, নিয়ম ও সময়ানুবর্তিতা উপেক্ষা করা, যেমন দেরি করে অফিসে আসা বা মিটিংয়ে দেরিতে উপস্থিত থাকা পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সবশেষে, প্রতিটি বিষয়ে ক্রমাগত অভিযোগ করা বা উচ্চস্বরে কথা বলে অন্যকে বিব্রত করা বন্ধ করতে হবে।
সুন্দর কর্মসম্পর্ক গড়ে তোলার দায়িত্ব নিজেরই। ছোট ছোট পরিবর্তন, যেমন অন্যের কথা মন দিয়ে শোনা, কাজের প্রশংসা করা বা নিজের ভুল স্বীকার করা সম্পর্কের ভিত্তি মজবুত করতে পারে। মনে রাখবেন, কর্মজীবনে সাফল্য শুধু ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না, বরং আপনি সহকর্মীদের সঙ্গে কতটা সম্মানজনক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে পারছেন, তার ওপরও নির্ভর করে। প্রতিযোগিতার চেয়ে সহযোগিতাকে প্রাধান্য দিলে পুরো কর্মপরিবেশই আরও সুন্দর হয়ে ওঠে।

