শ্রম অসন্তোষের জেরে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যে ওই এলাকার অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ। একইসঙ্গে আরও ৮টি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোর ফটকে বন্ধ রাখার নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা কারখানার তালিকায় রয়েছে—ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

পোশাক শিল্পাঞ্চলের বর্তমান অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু। তিনি জানান, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৮টি পোশাক কারখানায় ছুটি কার্যকর রাখা হয়েছে।