শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বোয়েসেল সূত্রে জানা গেছে।
নির্ধারিত সময়ে এই নিয়োগের বিপরীতে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জনের তালিকা দ্রুতই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচিতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা অর্জনে এই ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর মেডিকেল ফি ও বিমানভাড়াসহ যাবতীয় ব্যয় নিয়োগকর্তা বহন করবেন, যার ফলে তারাও সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

