প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ (2026), ১০:১৯ পিএম — রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। প্রতিদিনের সংসার খরচ সামলাতে গিয়ে খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে অনেককে। অনেকের সংসারের প্রধান খাদ্য হয়ে দাঁড়িয়েছে কেবল চাল, ডাল আর আলু। এমনকি সন্তানের জন্য পছন্দের খাবার কিংবা দুধ কেনার সামর্থ্যও হারাচ্ছেন স্বল্প আয়ের অনেক অভিভাবক। আয় না বাড়লেও যাতায়াত, জ্বালানি ও আনুষঙ্গিক ব্যয় বাড়ায় সঞ্চয়ে টান পড়ার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।
রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকা ঘুরে নানা পেশার মানুষের সঙ্গে কথা বলে এমন দুর্বিষহ চিত্র উঠে এসেছে। ক্ষুদ্র ব্যবসায়ী রিফাত জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পণ্যের দাম বাড়ায় তাঁর ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। আগে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় হলেও তা এখন নেমে এসেছে প্রায় তিন হাজার টাকায়। আয় কমে যাওয়ায় তিনি ব্যবসা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন এবং বেঁচে থাকার তাগিদে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন।
একইভাবে ক্ষোভ ও কষ্টের কথা জানিয়েছেন রাস্তার পাশের দোকানি মিজান। দিনে ছয় থেকে সাতশ টাকা আয় হলেও তাঁর দৈনন্দিন খরচ হচ্ছে সাত থেকে আটশ টাকা। তিনি জানান, নিম্নমধ্যবিত্ত হওয়ায় কারও কাছে হাত পাততে পারছেন না, আবার সন্তানের আবদার পূরণ তো দূরের কথা, মৌলিক প্রয়োজন মেটাতেও পারছেন না। আগে সপ্তাহে অন্তত এক-দুবার মাছ-মাংস খেতে পারলেও এখন সবজি কিনতেই তাঁর বাজেট শেষ হয়ে যাচ্ছে।
বাজারের বাড়তি খরচে কোণঠাসা অবস্থায় দিন কাটাচ্ছেন চাকরিজীবীরাও। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক দম্পতি জানান, বাজারে ঢুকলেই ন্যূনতম দুই হাজার টাকা খরচ হয়ে যায়, যার মধ্যে কেবল কয়েক পদের সবজি কিনতেই চলে যায় প্রায় পাঁচশ টাকা। মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন পেলেও তার অর্ধেকের বেশি চলে যায় শুধু কাঁচাবাজারে। পোশাক কারখানার মার্চেন্ডাইজার হিসেবে কাজ করা সাইফ জানান, পণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় মধ্যবিত্ত পরিবার হিসেবে অভ্যস্ত জীবনযাত্রায় আপস করতে হচ্ছে। বাধ্য হয়ে পণ্যের পরিমাণ কমিয়ে কেনাকাটা সারতে হচ্ছে তাঁদের।
বিক্রেতারাও জানান, দাম বেশি থাকায় ক্রেতারা হিসাব কষে প্রয়োজনের তালিকা ছোট করছেন। পাইকারি বিক্রেতা আহাদ আলী জানান, গত এক বছরে পাম তেল ও পোলাওয়ের চালের দাম লক্ষণীয়ভাবে বেড়েছে। আগে পাইকারিতে ১২০ থেকে ১২৫ টাকায় কেনা পাম তেল এখন অনেক বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরায় তা ১৮৫ থেকে ১৮৬ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্য এক মাছ বিক্রেতা শাকিল বলেন, তিন-চার বছর আগে ১৮০ থেকে ৩০০ টাকায় ভালো পরিমাণে বাজার করা গেলেও এখন শুধু সবজি কিনতেই পাঁচশ টাকা খরচ হয়।
সংসারের সংকট চরম আকার ধারণ করেছে দিনমজুর ও শ্রমিকদের জীবনেও। দিনমজুর আমীন আলী জানান, আগে দিনে কাজ করে পাঁচ থেকে আটশ টাকা আয় করা গেলেও এখন কাজ কমে গেছে। দিনে মাত্র চার-পাঁচশ টাকা আয় হলে চাল-তেল কেনার পর সন্তানদের পড়াশোনা ও রান্নার খরচ জোগানো অসম্ভব হয়ে ওঠে। গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকা বিক্রি হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে উল্লেখ করে তিনি জানান, এখন মাসে একবারও মাছ-মাংস খাওয়া সম্ভব হয় না। চাল, ডাল, তেল ও আলুর দাম কমলে তবেই তাঁদের মতো মানুষের জীবন কিছুটা স্বাভাবিক হতে পারে।
গ্যাস সংকটের কারণে অনেক পরিবারকে বিকল্প হিসেবে কাঠ বা কেরোসিন ব্যবহার করতে গিয়ে বাড়তি খরচের মুখোমুখি হতে হচ্ছে। এক মধ্যবয়স্ক বাবা ক্ষোভের সঙ্গে জানান, সীমিত আয়ে চলতে না পেরে জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। দুধ কেনার টাকা না থাকায় সন্তানকে সাবু জ্বাল দিয়ে খাওয়াতে হচ্ছে। অন্যদিকে, তিন সন্তানের সংসার চালাতে না পেরে সেলাইয়ের কাজ করা মিলন তাঁর স্ত্রীকেও বাইরে কাজে পাঠাতে বাধ্য হয়েছেন বলে জানান।
সাধারণ মানুষের এই দুর্ভোগ সম্পর্কে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বিত্তবানদের চাপ সামলানোর সামর্থ্য থাকলেও নিম্ন আয়ের মানুষের সেই সুযোগ নেই। নিয়মিত গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল দিতে হচ্ছে, যা অনভিপ্রেত এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অন্যদিকে, সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম জানান, উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পরিবহন ও কয়েক হাতবদলের কারণে দাম বাড়ে। ডিমের দাম বর্তমানে ক্রেতাদের নাগালে রয়েছে এবং সয়াবিন তেলের দাম সরকার নির্ধারণ করছে। চালের ক্ষেত্রে বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা, সে বিষয়ে অধিদপ্তর নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।

