নওগাঁয় সাবেক মন্ত্রীর আগ্রহের ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল

নওগাঁর মহাদেবপুরে ৩৬৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন আধুনিক স্টিল সাইলো নির্মাণের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সরকার। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিশেষ আগ্রহে ২০২৩ সালে গৃহীত ধান সংরক্ষণের ৪৮ হাজার টন ধারণক্ষমতার এই প্রকল্প সম্প্রতি পরিকল্পনা কমিশনের এক সভায় বন্ধের সিদ্ধান্ত হয়। সাইলোর পরিবর্তে ওই স্থানে কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণের পরামর্শ দিয়েছে কমিশন।

খাদ্য অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন সূত্র জানায়, স্টিল সাইলোতে খাদ্যশস্য প্রধানত নৌপথ কিংবা রেলপথের মাধ্যমে বাল্কে পরিবহন করা হয়ে থাকে। তবে নওগাঁর মহাদেবপুরের প্রস্তাবিত এলাকায় এ ধরনের যোগাযোগের কোনো সুবিধা নেই। নিকটস্থ আত্রাই নদ প্রকল্প এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার এবং ছোট যমুনা নদী প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। নৌ বা রেল যোগাযোগ না থাকায় কেবল সড়কপথে বস্তাবন্দী ধান পরিবহনে প্রতি কেজিতে অন্তত ৬ টাকা অতিরিক্ত খরচ হতো। ফলে অবাস্তবায়নযোগ্য বিবেচনা করে প্রকল্পটি অসমাপ্ত রেখেই শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা কমিশনের সচিব কবির আহমাদ।

প্রকল্পটি গ্রহণের সময় বিভিন্ন সভায় উপস্থিত থাকা এক যুগ্ম সচিব জানান, সে সময় সাইলো প্রকল্প না নেওয়ার জন্য কর্মকর্তারা একাধিকবার যুক্তি তুলে ধরেছিলেন। তবে তৎকালীন খাদ্যমন্ত্রীর একান্ত আগ্রহের কারণে তা অনুমোদন পায়। আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাধন চন্দ্র মজুমদার। গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিক মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে সাধারণ মানুষের ১৫ একর আবাদি জমি অধিগ্রহণ করে মাটি ভরাট করা হলেও দীর্ঘ আড়াই বছর ধরে জায়গাটি খালি পড়ে রয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জসীম উদ্দিন খান জানান, বস্তা ছাড়া চাল সরবরাহ সম্ভব নয় এবং নির্দিষ্ট ওই স্থানে স্টিলের সাইলো নির্মাণ কোনোভাবেই কার্যকর ছিল না। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, অধিগ্রহণ করা জমিতে সাইলোর বদলে ১ হাজার টন ধারণক্ষমতার ২৫টি গুদাম তৈরি করে মোট ২৫ হাজার টন খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব।

খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা নওগাঁয় বর্তমানে ২০টি স্থানীয় খাদ্যগুদাম রয়েছে, যেগুলোর ধারণক্ষমতা ৪১ হাজার ৫০০ টন। সরকারি প্রয়োজনে এসব গুদামে আরও ৩০ শতাংশ বেশি শস্য মজুত রাখা সম্ভব। জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল ইমরান জানান, জেলাটিতে খাদ্যশস্য সংরক্ষণে পর্যাপ্ত খাদ্যগুদাম রয়েছে। তবে খালি জমিতে নতুন করে কোনো অবকাঠামো গড়ার আগে তার প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করতে সমীক্ষা চালানো প্রয়োজন।