ডাকসুতে জয়ই বাংলাদেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা অতীতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ী হবেন, সেদিনই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। বর্তমানে ডাকসুসহ দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের যে গণজোয়ার ও সাফল্য দেখা যাচ্ছে, তা সেই ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের স্পষ্ট আলামত।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিরা অতীতে সবসময় বলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভই হবে বাংলাদেশে ইসলামের বিজয়ের মূল চাবিকাঠি।

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের ভয়াবহতা স্মরণ করে জামায়াতের এই নেতা বলেন, সেদিন লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগ, ১৪ দল ও বামপন্থীরা যে পৈশাচিক হামলা চালিয়েছিল, তা ছিল ফ্যাসিবাদের উত্থানের সূচনা। তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ নেতৃবৃন্দ যখন মঞ্চে ছিলেন, তখন শিবিরের নেতাকর্মীরা বুক দিয়ে মানবঢাল তৈরি করে জীবন উৎসর্গ করেছেন। তারা শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তবুও বাতিলের রক্তচক্ষুর সামনে মাথা নত করেননি।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের সেই রক্তপাতের মাধ্যমেই দেশে এক-এগারোর অগণতান্ত্রিক সরকার ও পরবর্তীতে দীর্ঘ স্বৈরশাসনের পথ প্রশস্ত হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা এবং জামায়াত নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হয়েছিল, যার পতন ঘটেছে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রায় দিয়েছে, তা কোনো আপস বা সমঝোতার জন্য নয়। বিএনপি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে তাদেরও ক্ষমা করা হবে না। তিনি অবিলম্বে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডিসহ গত দেড় দশকের সব হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ৫৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ৫৮