প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারের প্রত্যাশা করছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি ঘোষণা করে।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। জাপান দূতাবাস জানিয়েছে, এই সফর ২০২৩ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে থাকবে।
জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী সফরকালে চিবা প্রিফেকচারের ফুতসু শহরের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র ছাড়াও ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শন করবেন। নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করার বিষয়টি সফরের মূল এজেন্ডায় থাকবে। পররাষ্ট্রসচিব জানান, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বেসামরিক বিমান চলাচল ও পরিবেশ সংরক্ষণের মতো বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হতে পারে।
জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফর বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়িক আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে। দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে এই সফর একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
