গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি কার্যকর নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যথাযথভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নেন।