জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার নিত্যপণ্যের সমস্যার মূল কারণ অনুসন্ধান না করে কেবল দাম বাড়িয়েই সমাধানের পথ খুঁজছে। মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, দেশের অধিকাংশ সমস্যার মূলে রয়েছে অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির মতো অসাধু কার্যক্রম। সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সংশ্লিষ্ট খাতে বিদ্যমান অনিয়ম ও সিন্ডিকেটের কার্যক্রম চিহ্নিত করা জরুরি। সমস্যার গোড়ায় না গিয়ে কেবল দাম বাড়ানোর কৌশল জনগণের দুর্ভোগ কেবল বাড়াবে। তিনি অবিলম্বে জনগণের পকেট কাটা বন্ধ করার আহ্বান জানিয়ে অসাধু চক্রকে লালন না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।