শিক্ষকের সম্মান অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের ভাবমূর্তির বিষয়: প্রধানমন্ত্রী

শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও মর্যাদা সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তিও সমুন্নত হয়। তিনি দেশের সব স্তরের শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং যোগ্যতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত শিক্ষকদের অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে প্রিয়জন ও প্রয়োজনীয় হয়ে উঠলে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজতর হবে। তিনি উল্লেখ করেন যে, পরিবারের পর শিক্ষকরাই শিক্ষার্থীদের আদর্শ রোল মডেল। শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করছে।

বর্তমান শিক্ষা পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব বেড়েছে। তিনি শিক্ষা সিলেবাস আধুনিকায়নের ওপর জোর দিয়ে বলেন, সরকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সিলেবাস প্রণয়ন করেছে এবং শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না করে অনুসন্ধিৎসু করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। আনন্দময় শিক্ষার প্রসারে সরকার ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই প্রবর্তন করেছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও দেওয়া হবে।

প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়, বরং সক্ষমতা বাড়ানোর হাতিয়ার। ‘একজন শিক্ষক, একটি ট্যাব’ কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা ডিজিটাল লেসন প্ল্যান ও শিক্ষণসামগ্রী ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক পর্যায়ের ২১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের তিন লাখের বেশি শিক্ষককে নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শহর ও গ্রামের শিক্ষা সুযোগের পার্থক্য দূর করাই সরকারের লক্ষ্য।

নৈতিক মূল্যবোধ গঠনকে শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান নৈতিকতার সঙ্গে যুক্ত না হলে তা সমাজের জন্য অকল্যাণকর হতে পারে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবিকতার মতো মূল্যবোধ শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। তিনি শিক্ষকতাকে ‘উপায়হীন বিকল্প’ হিসেবে না দেখে মেধাবীদের প্রথম পছন্দ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়োগ পদ্ধতি ঢেলে সাজানোর কথা বলেন।

শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার অংশ হিসেবে চলতি বছর থেকে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাধ্যতামূলক আমন্ত্রণ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের বেতন ও অবসরভাতা প্রাপ্তিতে ভোগান্তি কমাতে ব্যাংকিং চ্যানেলে যথাসময়ে অর্থ পৌঁছানোর বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।